
আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার আটঘরিয়ায় ১ কেজি শুকনা গাঁজাসহ রত্না খাতুন (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদক উদ্ধারে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফসলি জমির আইলের ওপর সন্দেহজনকভাবে এক নারীকে অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে গাঁজার ওজন ১ হাজার গ্রাম পাওয়া যায়।
গ্রেপ্তার রত্না খাতুন রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া এলাকার মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে