
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এ পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা আহনাফ সাঈদ খান। এতে প্রধান বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বক্তব্যে সারজিস আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটুয়ারি। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
এ সময় কিশোরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাসির উদ্দিন পাটুয়ারি বলেন, “কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।”
তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
এছাড়াও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
পথসভায় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।