
“কুমিল্লার গাঁজা চাঁপাই এ ধরা” ১৬ কেজি গাঁজা উদ্ধার; জামাই, মেয়ে এবং শ্বশুরসহ আটক ০৫ (পাঁচ) জন*
চাঁপাইনবাবগঞ্জ, ২১ জুলাই ২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে হরিপুর বাজার এলাকায় পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো ৮টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজা ছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়ে গাঁজা সংগ্রহ করে সেগুলো নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। অভিযুক্ত মো. সুইট দীর্ঘদিন কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং বিভিন্ন সময় চাঁপাইনবাবগঞ্জে গাঁজা সরবরাহ করতেন বলেও তথ্য পাওয়া গেছে।
ডিএনসি আরও জানায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে একে অপরের সহযোগিতায় কুমিল্লা থেকে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে; মো. মতিউর রহমানের মেয়ে মোসা. মমেনা খাতুন এবং জামাতা মো. সুইট অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
উল্লেখ্য, গ্রেপ্তার নারী আসামীর সঙ্গে আনুমানিক ৬ মাস বয়সী একটি ছেলে শিশু রয়েছে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মামুনুর রশিদ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।