
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য বাসগৃহের কাজের মান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
আজ মঙ্গলবার বিকেলে তিনি সরজমিনে আলিনগর ও বাংগাবাড়ি এলাকায় গিয়ে এসব নির্মাণকাজের মান যাচাই-বাছাই করেন। পরিদর্শনকালে তিনি কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং নির্ধারিত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরিদর্শন শেষে ইউএনও জিল্লুর রহমান বলেন, "সরকারের মহৎ উদ্যোগের এই আবাসন প্রকল্পগুলোর নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বীর মুক্তিযোদ্ধাদের জন্য মানসম্মত ও টেকসই বাড়ি নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই কঠোর নজরদারি রাখছে।"