গোমস্তাপুরে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত
শাহীন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ও স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মো. তারেক (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক নওগাঁ জেলার পোরশা থানার নওয়াপাড়া গ্রামের সেন্টু (মামুনের) ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বড়দাদপুর মোড় এলাকায় মোটরসাইকেল ও স্টিয়ারিং ভুটভুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তারেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গোমস্তাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারেককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান তাদেরকে লাশ দাফন কাফনের জন্য দেওয়া হয়েছে। পরিবারের লোকজন যদি কোন অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে।