
গোমস্তাপুরে ৩৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোট ৩৭ হাজার ১শত ৯৮ জন শিশুকে সফলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রবিবার দিনব্যাপী পরিচালিত এই কার্যক্রমে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চলতি ক্যাম্পেইনে উপজেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৭ হাজার ৪শত ৫১ জন শিশু। তবে রবিবার একদিনের এই বিশেষ কার্যক্রমে কিছু শিশু নানা কারণে কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কিছু কম শিশু এই সুবিধার আওতায় এসেছে।
তবে বাদ পড়া শিশুদের নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
যেসব শিশু কোনো কারণে রবিবারের ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে পারেনি, তারা আগামী এক মাসের মধ্যে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে এই ক্যাপসুল সংগ্রহ করতে পারবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টির অভাব দূর করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদ পড়া শিশুদের অভিভাবকগণকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে যোগাযোগ করে তাদের শিশুদের এই ক্যাপসুল নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।