
চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ,
পুড়িয়ে ধ্বংস
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা ১০০ পিস জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘার বিলে অভিযান চালিয়ে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের উপস্থিতিতে জব্দ করা জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় মেঘার বিলে অভিযান চালিয়ে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।