
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯.৩০ মিনিটে দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে স্বাগত জানাতে তারা ফুল নিয়ে অপেক্ষা করেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।