নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একই কর্মকর্তার একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন নিয়ে আলোচনার মধ্যে মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার বিভাগে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বদলির বিষয়টি উল্লেখ করা হয়।
জানা যায়, মনোয়ার হোসেন ডিএসসিসিতে নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। একই কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন্দ্রীভূত হওয়ায় করপোরেশনের প্রশাসনিক কাঠামো, দায়িত্ব বণ্টন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।
এছাড়া, করপোরেশনের বিভিন্ন দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ব্যক্তিদের প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছিল মনোয়ার হোসেনের বিরুদ্ধে। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।
মনোয়ার হোসেনের বদলির আদেশকে ঘিরে এখন নগর ভবনে আলোচনার সৃষ্টি হয়েছে। একই কর্মকর্তার হাতে তিনটি গুরুত্বপূর্ণ পদ থাকার বিষয়টি যেমন প্রশাসনিক নজরদারির প্রশ্ন সামনে এনেছে, তেমনি দায়িত্ব বণ্টন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় এসেছে