মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
পতিত স্বৈরাচারের পরিকল্পিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।
তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী।
সমাবেশে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার আলমসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদল, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।