
পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ ( পাবনা)
পাবনার বেড়া উপজেলায় নিজ বসতঘর থেকে মোছা. সুবর্ণা খাতুন (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা চর সাঁড়াশিয়া গ্রামের মো. শওকত আলী ও মোছা. আলেয়া খাতুনের মেয়ে। সে চরনাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে সুবর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সুবর্ণা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। প্রায় এক বছর আগে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব তথ্যের সত্যতা এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে