
পাবনায় খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারে হস্তক্ষেপ, অবৈধ দখল, সাংবাদিককে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শনিবার (২ আগস্ট)২০২৬ খ্রিষ্টাব্দ দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জুলাই ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমান, এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লিওন, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ করিম তন্ময় এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ইমামুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, খালেদ হোসেন পরাগ দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। তাদের দাবি, ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ, সরকারি জমি দখলের চেষ্টা এবং এসব বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ঘটনায় তিনি জড়িত। এছাড়া অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পাওয়ার পর তার প্রভাব আরও বেড়েছে বলে তারা মনে করেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তবে এ বিষয়ে খালেদ হোসেন পরাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।