
মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানবাধিকার সহায়তা সংঘের পাবনা জেলা শাখার পরিচিতি সভা শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিচিতি সভায় মানবাধিকার সহায়তা সংঘের পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, মানবাধিকারবিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান এবং নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি কাজ করবে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। শেষে মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।