
শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্য পেলেন প্রধানমন্ত্রীর নিয়োগপত্র
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)
গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও দৃষ্টিশক্তিহীন যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমসহ আরও অনেকে চাকরির নিয়োগ পেয়েছেন।
নিয়োগপত্র গ্রহণের পর কয়েকজন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনের দুঃখ-কষ্টের মধ্যে এই চাকরির সুযোগ তাদের পরিবারের জন্য নতুন আশার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা নিজেদের অভিজ্ঞতা, দীর্ঘদিনের অপেক্ষা ও অনুভূতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
বক্তারা একই সঙ্গে গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। তারা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।