কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-ফিক্সেশন (বেতন নির্ধারণ) কার্যক্রম সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছেন কম্পিউটার অপারেটর মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর সহকর্মীরা। অফিস সময়ের পর এবং সরকারি ছুটির দিনেও কাজ করায় তাঁদের প্রশংসা করেছেন শিক্ষকরা।
জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট শতাধিক শিক্ষক রয়েছেন। অনলাইনে পে-ফিক্সেশন কার্যক্রম চলাকালে শিক্ষকদের বিভিন্ন ভুলত্রুটি সংশোধনসহ প্রয়োজনীয় সহযোগিতা করেন দেলোয়ার হোসেন ও তাঁর সহকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত অফিসে অবস্থান করে তাঁরা শিক্ষকদের সেবা দিয়েছেন।
অফিসের বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ দেলোয়ার হোসেন ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছিলেন।
দেলোয়ার হোসেন বলেন, তাঁর এ কাজের কৃতিত্ব উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম ও সহকর্মীদের। তিনি আরও জানান, বাদ পড়া শিক্ষকদের পে-ফিক্সেশন সম্পন্ন করতে উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম মোবাইল ফোনে যোগাযোগ করেছেন এবং শিক্ষকদের গ্রুপে বার্তা দিয়েছেন।
সেবা নিতে আসা কয়েকজন শিক্ষক জানান, পে-ফিক্সেশনের কাজ করতে গিয়ে তাঁদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়নি। তাঁরা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও স্বেচ্ছাশ্রমের প্রশংসা করেন।