
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির সফল অভিযান: ২৮২ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ
মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf DX) সিরাপ এবং একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযانের অংশ হিসেবে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে কানসাটের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে প্রায় ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দলটি ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে, যার সাথে থাকা দুটি প্লাস্টিক ক্যারেট থেকে ২৮২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার এবং ব্যবহৃত Apache RTR-160cc মোটরসাইকেলটি জব্দ করে।
এই বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।