শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা
শাহিন আলম, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মেহেদুল আল মাহমুদ।
এ সময় বক্তব্য দেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান আজহারুল কবির, ইংরেজি বিভাগের ড. আতিকুল রহমান, প্রভাষক আহসান সোহেল, প্রভাষক হারুন অর রশিদ টিটু, হাবিবুর রহমান, আহসান উল্লাহ, ইসলামি আরবি বিভাগের প্রভাষক কাজী সোহেল আনোয়ার এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মতবিনিময় সভার আহ্বায়ক সাদিকুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ গঠনে শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনা, নিয়মিত কলেজে উপস্থিতি ও শৃঙ্খলার বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
সভায় শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।