পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণে
কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।