মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন,
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
শেখ মোহাম্মদ পারভেজ, ঢাকা
রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।