অস্ত্র কেনাবেচার সময় শুটারগান-কার্তুজসহ আটক ১
রিপোর্টার শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় শুক্রবার অস্ত্র আইনে মামলা দায়ের করে আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।